দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করে একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা করেন তিনি। কী সেটি? তাঁর ঘোষণা, সরকারি বাসে আর ভাড়া গুনতে হবে না মহিলাদের। বিষয়টি মহিলাদের জন্য যে বড় স্বস্তির, তা বলাই বাহুল্য।
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।
এরপর গত শনিবার, ৯ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেরুয়া শিবিরের একাধিক প্রভাবশালীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একা নন, সেদিন শপথ নিয়েছিলেন মন্ত্রিসভার আরো ৫ সদস্য। বঙ্গ বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এক আলাদা সাজে সেজে উঠেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুধু তাই নয়, দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল দেখার মতো। বলা ভালো, ব্যাপক ভিড় ছিল।
তবে মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করেই ছক্কা হাঁকালেন শুভেন্দু। এবারের ভোটের প্রচারের সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা থেকে শুরু করে মহিলাদের বাস ভাড়া ছাড়ের মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু প্রশ্ন ছিল যে এগুলি আদৌ সত্যি হবে কিনা। কিন্তু এদিন গেরুয়া শিবিরের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হল যে প্রতিশ্রুতি পূরণে তারা বদ্ধপরিকর। সোমবারই শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে কবে থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের দিনক্ষণ। ১ জুন থেকে তা পাওয়া যাবে। তবে সরকারি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। এদিনই তিনি ঘোষণা করেন যে মহিলাদের জন্য ভাড়া লাগবে না সরকারি বাসে। প্রসঙ্গত, বর্তমানে একাধিক রাজ্যে বাস ভাড়া গুনতে হয় না মহিলাদের।



By










