দেবজিৎ মুখার্জি, হাওড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার রাজ্যবাসী তাকিয়েছিলেন নবান্নে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকের দিকে। বলা ভালো, সকলেই অপেক্ষায় ছিলেন তিনি সাংবাদিক বৈঠক থেকে কি ঘোষণা করবেন রাজ্যবাসীদের জন্য। অবশেষে তিনি তা করে দিলেন। একাধিক বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। মোট ৬টি বড় সিদ্ধান্তের কথা এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।
এরপর গত শনিবার, ৯ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেরুয়া শিবিরের একাধিক প্রভাবশালীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একা নন, সেদিন শপথ নিয়েছিলেন মন্ত্রিসভার আরো ৫ সদস্য। বঙ্গ বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এক আলাদা সাজে সেজে উঠেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুধু তাই নয়, দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল দেখার মতো। বলা ভালো, ব্যাপক ভিড় ছিল।
সোমবার, ১১ মে, নবান্নে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’। প্রথম সাংবাদিক বৈঠকেই তিনি ছক্কা হাঁকান। ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। প্রথম বড় সিদ্ধান্ত, সরকারের তরফ থেকে দায়িত্ব নেওয়া হল শহীদ বিজেপি কর্মীদের পরিবারের। দ্বিতীয়, বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি সীমান্তে কাঁটাতারের জন্য। তৃতীয়, আজ থেকে বাংলা যুক্ত আয়ুষ্মান ভারত, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’র মতো প্রকল্পের সাথে। চতুর্থ, এতদিন কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে রাজ্যের আইপিএস, আইএএসরা অংশ নিতে পারতেন না। তবে এবার থেকে পারবেন তাঁরা চাইলে। পঞ্চম, ৫ বছর বৃদ্ধি সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমা। ষষ্ঠ, ভারতীয় ন্যায় সংহিতা আজ থেকেই কার্যকর রাজ্যে।স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার পর আশায় বুক বেঁধেছে রাজ্যবাসীর। সেক্ষেত্রে দেখার যে নতুন সরকার কী করে দেখায় রাজ্যবাসীর জন্য।



By










