দেবজিৎ মুখার্জি, কলকাতা: কদিন আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যের নানা প্রান্তে শিকার হতে হচ্ছে তৃণমূল নেতাদের। একাধিক জায়গায় হামলা শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের। অনেকে প্রাণও হারিয়েছেন। এই আবহে শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন বিজেপি কর্মীরা স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। কেন্দ্রীয় বাহিনী নামানো হয় পরিস্থিতি সামাল দিতে।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন প্রথম বিজেপি সরকার শপথ হওয়ার পর একদল বিজেপি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে যান। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে বাইক বাহিনী। সেখানে আগে থেকে মোতায়েন থাকা পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাঁদের। এরপরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাহিনীর তরফ থেকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কোনও মিছিলকারী বা বিজেপি সমর্থকদের তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাড়ির কাছে।
প্রসঙ্গত, ভোটের ফলপ্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তুলে নেওয়া হয় গার্ডরেল। তাঁর নিরাপত্তাও কমে যায়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে। পাশাপাশি, নিরাপত্তাবলয় তুলে নেওয়া হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও। কিন্তু আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের স্লোগান দেওয়ার পর।
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয় রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নিজের শক্তঘাঁটি ভবানীপুরেও পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পরাজিত করেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই তিনি কারচুপির অভিযোগ তোলেন এবং দাবি করে যাচ্ছিলেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, যা নিয়ে তীব্র সমালোচনা হয় বঙ্গ রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়তে হয় গোটা ঘাসফুল শিবিরকে। তবে শনিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি নিজেকে ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন। ফেসবুকে তাঁর ছবির নিচে লেখা ১৫, ১৬ ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।



By









