দেবজিৎ মুখার্জি, কলকাতা: গণনার আগে দলীয় কর্মীদের গভীর রাতে বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? দলীয় কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি রাত জাগা এবং পাহারা দেওয়ার কথা বলেন তিনি। এখানেই শেষ নয়, ফের তিনি লোডশেডিং করানোর অভিযোগের কথা তোলেন।
সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে।”
দলীয় কর্মীদের আহ্বান জানিয়ে তাঁর বার্তা, “আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।”



By









