দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার বিকেল ৪টে নাগাদ ভার্চুয়াল মাধ্যমে পোলিং এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার সাফ বার্তা দিতে পারেন।
দলীয় সূত্র মারফত খবর, গণনার দিন বুথস্তরের কর্মীদের কী দায়িত্ব, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তিনি নির্দেশ দেবেন এক্সিট পোলের সমীক্ষায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে কাজ করার। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্ট কারা হবে, সেই তালিকা চূড়ান্ত করে দিয়েছে দল। বৈঠকে তাঁদের পরিষ্কার করে দেওয়া হতে পারে যে কোনও অবস্থাতেই মাথা গরম করা চলবে না এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখতে হবে।
শাসক শিবিরের নেতৃত্বের আশঙ্কা, কারচুপি বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হতে পারে গণনাকেন্দ্রের অন্দরে। তাই এজেন্টদের বলা হয়েছে সন্দেহজনক কিছু দেখলেই তক্ষুনি দলীয় প্রার্থীকে জানাতে। এমনকি যদি কোনও এজেন্টকে বিশেষ কারণে বাইরে বেরোতে হয়, তাহলে তখন যেন বিকল্প এজেন্ট উপস্থিত থাকেন, সেরে রাখা হয়েছে সেই প্রস্তুতিও। বৈঠকের আসল লক্ষ্য, প্ররোচনার ফাঁদে না পড়ে পুরোপুরি আইনি ও সাংগঠনিক পদ্ধতিতে নজরদারি চালানোর বিষয়টি।



By










