দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের ক্রিকেটার থেকে শুরু করে সমগ্র ক্রিকেট মহল। তবে তার আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে চিন্তা প্রকাশ করলেন দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। বলা ভালো, তিনি কার্যতো হুঁশিয়ারি দিলেন তারকা ক্রিকেটারকে।
কী বললেন হিটম্যান? রোহিতের বক্তব্য, “ক্যাপ্টেন ফর্মে আছে কি নেই, সেটা বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্রিকেটারের ফর্মে থাকা। কারণ ফর্মে যদি না থাকে, তাহলে একজন কমে যাবে বাকি ৭-৮ জন ব্যাটার থেকে। যেই ব্যাটিং শক্তি আমাদের রয়েছে, সেখান থেকে যদি কমে যায় একজন, তাহলে চাপ তো পড়বেই গোটা দলের উপর।” এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি ভালো পারফর্ম না করতে পারে সূর্য, তাহলে ভুগতে হবে ব্যাটিং লাইনআপকে।”
যদিও সূর্যকুমার যাদবের নেতৃত্বের প্রশংসা করেছেন রোহিত। প্রাক্তন অধিনায়কের মতে, “খেলাটা ভালোমতো বোঝে সূর্য। ওর ধারণাও পরিস্কার টিমমেটদের নিয়ে। কিভাবে সেরাটা বার করে আনা যায় নিজের সতীর্থদের থেকে, সেটা ও জানে।” বলে রাখা ভালো, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ‘মেন ইন ব্লু’র জয়ের শতাংশ ৭২। বলা বাহুল্য, তা পরিষ্কার বোঝায় যে ক্যাপ্টেন হিসেবে এই ফরম্যাটে তিনি কতটা সফল ও দক্ষ। এবার দেখার বিষয় যে আসন্ন ২০ ওভারের ওয়ার্ল্ডকাপের আগে ব্যাট হাতে ফর্মে ফেরেন কিনা স্কাই।



By














