• Home
  • দেশ
  • সমাজমাধ্যমে পুরীর জগন্নাথ মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

সমাজমাধ্যমে পুরীর জগন্নাথ মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

Image

দেবজিৎ মুখার্জি: সমাজমাধ্যমে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে আতঙ্ক ছড়ালো পুরীর জগন্নাথ মন্দিরে। তড়িঘড়ি চরম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হলো গোটা মন্দির ও আশেপাশের জায়গাগুলি। তল্লাশিও শুরু করা হয়। যদিও বোমা পাওয়া যায়নি। তবে পুরী থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে।

ঘটনা শুরু মঙ্গলবার থেকে। ফেসবুক থেকে একটি পোস্টে হুমকি দেওয়া হয় যে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। এখানেই শেষ নয়, সেই পোস্টে হামলার হুমকি দেওয়া হয় বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপরও। এই পোস্ট নেটিজেনদের নজরে আসতে বেশি সময় লাগেনি। খবর জানাজানি হতেই পুলিশের কাছে যান শুভাশিস খুঁতিয়ার। 

তদন্ত করে পুরী থানার পুলিশ জানতে পারে যে পোস্টটি করা হয়েছে এক মহিলার অ্যাকাউন্ট থেকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান যে ফেক অ্যাকাউন্ট থেকে কেউ এমনটি করেছেন। সেই মহিলা যেই তথ্য দিয়েছেন, তার উপর কেন্দ্র করে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়ের হয়েছে সাইবার থানায়।

তবে এই হুমকি ভরা পোস্টের পর নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে মন্দির ও তার লাগোয়া এলাকাগুলিতে। পুলিশ সুপারের সঙ্গে শুভাশিস খুঁতিয়া কথা বলেছেন এই বিষয়ে এবং এই অভিযোগও করেছেন যে তাঁকে ফোনেও হুমকি দেওয়া হয়েছে হামলার। শেষ খবর পাওয়া পর্যন্ত, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে পুলিশ ও সাইবার দলের তরফ থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top