দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রথম দফার ভোটের মাঝে রাজ্যের একাধিক জায়গায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নানা ইস্যু তুলে সমালোচনা করেন শাসকদল তৃণমূল কংগ্রেসের। তাঁর পাল্টা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গীতে দলের প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং সেখান থেকে একহাত নেন প্রধানমন্ত্রীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে কটাক্ষ করে বলেন, “বাংলায় ভোটের দিনও এসেছেন টেলিপ্রম্পটার দেখে প্রচার করতে। আসলে হাওয়া গরম করতে এসেছেন।”
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, “এজেন্ট তো নেই বিজেপির। ওটা তো হয়ে গেছে এজেন্সি। এখানে ভোট হচ্ছে এতগুলো আসনে আর ভোটের দিন বলছেন জিতছেন আপনারা। বলছেন কীভাবে?” এছাড়া উচ্চ ভোটদানের হার নিয়ে তাঁর ব্যাখ্যা, “জানেন কেন এত ভোট পড়েছে? কারণ নির্বাচন অধিকার রক্ষার লড়াই মানুষের। সেটা বুঝেছেন সবাই। এরপর নইলে এনআরসি করে নাম বাদ দিয়ে ডি-ভোটার করে পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে।”



By










