• Home
  • জেলার খবর
  • নির্বাচনের মুখে নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে এনআইএর নোটিস

নির্বাচনের মুখে নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে এনআইএর নোটিস

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে এনআইএর তরফ থেকে নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে নোটিস। জানা গিয়েছে, নোটিস দেওয়া হয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, সামসুল ইসলাম-সহ পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতিদের। পাশাপাশি, নোটিস পাঠানো হয়েছে বুথস্তরের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতেও বলে খবর। ইতিমধ্যেই তা অনেকের হাতে এসে পৌঁছেছে বলেও খবর। তাতে কলকাতার এইআইএর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ১৭ এপ্রিল।

ঘাসফুল শিবিরের দাবি, নন্দীগ্রামের ভোট পণ্ড করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এনআইএ তদন্তের নামে বিজেপি নোটিস পাঠাতে শুরু করেছে। যদিও গেরুয়া শিবিরের দাবি, তদন্তের স্বার্থে কাউকে এনআইএ নোটিস পাঠাতেই পারে এবং তার সঙ্গে কোনও সম্পর্ক নেই বিজেপির। ভয় পেয়ে তৃণমূল নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপির।

এই ব্যাপারে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় জানিয়েছেন, অশান্তি হয়েছিল ল্যান্ড ব্যাঙ্কের ভোটকে ঘিরে এবং সেই ঘটনায় ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে বিজেপি তদন্তের নামে এনআইএ নোটিস পাঠিয়েছে। তা কয়েকজনের বাড়িতে পৌঁছেছে এবং সেখানে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে ১৭ এপ্রিল হাজিরার। তৃণমূল নেতার বক্তব্য, “এই নোটিস তাঁদেরকেও টার্গেট করে দেওয়া হচ্ছে যাঁরা ভোটের কাজে যুক্ত। আসলে এনআইএ নোটিস পাঠাতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরে। আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো সকলের নোটিস সংগ্রহ করে।”

Scroll to Top