রাজ্যে ঘুষ ও তোলাবাজি প্রতিরোধে কঠোর অবস্থান নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ফলস্বরূপ একাধিক সরকারি আধিকারিক ও রাজনৈতিক নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার ঝাড়গ্রামে তোলাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল রতন প্রামাণিক ও তিন দালালকে গ্রেফতার করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা।
তদন্তে জানা গেছে, বালি পরিবহনের জন্য লরি ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে দালালদের মাধ্যমে ঘুষ নিচ্ছিলেন ওই কনস্টেবল। দালালদের ফোনে তাঁর নম্বর ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ হিসেবে সংরক্ষিত ছিল। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বালি ব্যবসায়ী সেজে এক দালালের সঙ্গে যোগাযোগ করে ৫ লক্ষ টাকা ঘুষ হাতে তুলে দিয়ে কনস্টেবলকে আটক করে।
দুর্নীতি দমন শাখা চক্রটির বিস্তার ও সময়কাল খতিয়ে দেখছে এবং জোর দিয়েছে, এর সঙ্গে কোনও হেভিওয়েট ব্যক্তি বা সরকারি আধিকারিক জড়িত রয়েছে কিনা।
গত কয়েকদিনে জামবনী বিডিও অফিসের সহকারী ইঞ্জিনিয়রকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একাধিক পদাধিকারীকে আটক করা হয়েছে।



By











