দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের আগে চাঞ্চল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। ৭০ নম্বর ওয়ার্ডে এক আশ্রমে ঢুকে সাধুদের উপর হামলার অভিযোগ। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী, শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, গেরুয়াধারী সাধুসন্তদের কলার ধরে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে আশ্রম থেকে এবং বিশাল দুর্ব্যবহার করা হয়েছে তাঁদের সঙ্গে।
শুভেন্দু অধিকারীর দাবি, পদ্মপুকুর এলাকার এক আশ্রমে কয়েকজন সাধুসন্ত ছিলেন, যাঁরা সনাতন ধর্মের প্রচার চালাচ্ছিলেন মূলত কালিঘাট ও পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার আশ্রমে ঢুকে আক্রমণ করা হয়। সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিরোধী দলনেতার বক্তব্য, অনুগামীদের নিয়ে তিনি সাধুদের ভয় দেখিয়েছেন এবং কেড়ে নেওয়া হয়েছে তাঁদের মোবাইল ফোন এবং কেটে দেওয়া হয়েছে আশ্রমের জল ও বিদ্যুৎ কানেকশন। শুভেন্দুর প্রশ্ন, “সনাতন ধর্ম প্রচার করা কি অপরাধ ভবানীপুরে?” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তিনি দাবি করেন যে হিন্দুদের উপর অত্যাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে।
আশ্রমের এক সাধুর বক্তব্য, এই ঘটনার পর যেমন তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি রোজের কাজ করাও কঠিন হয়ে উঠছে। অন্যদিকে কাউন্সিলর অসীম বসুর বক্তব্য, “এলাকাবাসীরা আমাকে বলছিলেন যে সাধুরা গেরুয়া বসন পড়ে আসছে এবং লিফলেট জমা দিচ্ছে। আমি যখন ডোর টু ডোর করছিলাম, তখন ২০-২৫ জন সাধু দেখলাম। তাঁরা বাড়ি বাড়ি ঢুকে পড়ছিলেন, ছবি তুলছিলেন, এখানে নিরাপদ বোধ করছেন না মহিলারা। প্রতিবাদ করেছি আমি।”



By










