দেবজিৎ মুখার্জি: আগামী সপ্তাহে বিজেপি শাসিত অসমে বিধানসভা নির্বাচন। তা ঘিরে এই মুহূর্তে সেই রাজ্যের রাজনীতি আলাদা রূপ নিয়ে নিয়েছে। ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচার করে বেড়াচ্ছে সকল রাজনৈতিক দল। বৃহস্পতিবার সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মাকে মিনি মোদি বলে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী।
রাগা বলেন, “দিল্লির রিমোট কন্ট্রোল চালায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কন্ট্রোলে।” গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “ঠিক যেমন নরেন্দ্র মোদি চলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোলে। প্রকাশ্যেই ট্রাম্প দাবি করেছেন, তাঁকে ভারতের প্রধানমন্ত্রী স্যার বলে সম্বোধন করেন, যা ইঙ্গিত দেয় এক বৃহত্তর ক্ষমতার ভারসাম্যের।”
তিনি আরও বলেন, “অসম এক অনন্য মেলবন্ধন নানা পরিচয়, সম্প্রদায় ও বিশ্বাসের।” অনুচ্ছেদ ২৪৪এ নিয়ে সোনিয়া পুত্র বলেন, “এই বিধান স্থানীয় সম্প্রদায়কে স্বশাসনের ক্ষমতা দেওয়ার পাশাপাশি নিশ্চিত করে সিদ্ধান্ত গ্রহণ তৃণমূল স্তরে। আমি কংগ্রেসকেই এর কৃতিত্ব দিই।” রাগা মুকেশ আম্বানি, গৌতম আদানি ও রামদেবের নেতৃত্বাধীন সংস্থাগুলির নাম উল্লেখ করে আরও বলেন, “কর্পোরেট ও শিল্প প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি বরাদ্দ করা হয়েছে, যা হতে পারে স্থানীয় মানুষের স্বার্থের পরিপন্থী। সাধারণ মানুষের জমি ও জীবিকা, এই জাতীয় নীতির কারণে, বিপন্ন হতে পারে।“



By













