দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বিধানসভা ভোটকে সামনে রেখে, বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর, প্রচারে নামলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে তিনি নিজের গড়ে প্রচার শুরু করেন পায়ে হেঁটে। তিনি প্রার্থী হওয়ায় যে দলের একাংশ কর্মী খুশি হয়েছেন, তা বলাই বাহুল্য।
আর কদিন পরে বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। ভোটকে কেন্দ্র করে চিত্র পাল্টাচ্ছে রাজ্য রাজনীতির। বলা ভালো, রাজ্য এক রণক্ষেত্রের চেহারা নিচ্ছে ধীরে ধীরে। প্রতিটি প্রান্তে প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি ও বাম, কংগ্রেস সকলেই। ক্ষমতায় আসার জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সকল দল। বলতে গেলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে তারা। বাংলার মসনদকে পাখিরচোখ করে সকলেই নিজেদের সবটা দিচ্ছে।
এই আবহে জাতীয় কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার পর তিনি মঙ্গলবার সকালে সেখান থেকে প্রচার শুরু করেন। স্বর্ণময়ী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সমর্থন চান। এরপর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উদ্বোধন করেন ভাকুড়ি এক নম্বর পঞ্চায়েতে দলের নির্বাচনী কার্যালয়ের। সেখানে সাংবাদিকদের তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।
অধীর চৌধুরী বলেন, “ভোটে দাঁড়িয়েছি। ভোটারদের থেকে ভোট চাওয়া তো আমার অধিকার। আমার পরিচিত এলাকা এটা হলেও আমি পথে নেমেছি ভোটারদের থেকে ভোট চাওয়ার জন্য। কাকে ভোট দেবেন, সেটা ঠিক করবেন মানুষ।” এদিন তিনি এও বলেছেন, “এখানে আমার জন্ম, বড় হওয়া। আমরা নিজেরাই তৈরি করেছি এখানে এই বাজারটা। আগে সবকিছুই তো ঝুপড়ি ছিল। আমরা এখানে সব তৈরি করেছিলাম স্থানীয়দের থেকে একটু একটু টাকা নিয়ে।” এবার দেখার বিষয় যে অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হওয়ায় কংগ্রেস খাতা খুলতে পারে কিনা এবারে বিধানসভা নির্বাচনে। কি হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।



By










