দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছে কমিশন। বিস্তারিতভাবে বলতে গেলে রাজ্য একের পর এক প্রশাসনিক বদল করে চলেছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠি দিয়েও সমস্যার সমাধান হয়নি। তারপরও তারা তা জারি রেখেছে।
এই আবহে বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বদলির বিষয়টি উদ্বেগজনক বলে দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি এও দাবি করেছেন যে বেছে বেছে রাজ্যবাসীদের টার্গেট করা হচ্ছে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করেছেন যে যাঁরা বাংলার মাটিতে ঘৃণা ছড়িয়ে জিততে আসবেন, তাঁরা পরাজিত হয়েই ফিরবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেভাবে বাংলাকে টার্গেট করে এখানকার অফিসারদের বদলি করা হচ্ছে, তা উদ্বেগজনক। একাধিক বদলির বিষয়টি তুলে ধরে তিনি জানান যে এটি শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ নয়, বরং এগুলি আসলে রাজনৈতিক হস্তক্ষেপ সর্বোচ্চ স্তরের নির্দেশে। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “কেন বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাংলার মানুষকেই? কিসের এত প্রতিহিংসা? কীসের সন্তোষ বাংলার মানুষকে বঞ্চিত করে? ঘৃণা দিয়ে কোনোভাবেই এখানকার মাটিকে জয় করা যাবে না। যারা করতে আসবে তারাই হেরে ফিরবে।” তাঁর সাফ কথা, কমিশনের এই অতি সক্রিয়তা বাংলার প্রতি প্রমাণ করে দিচ্ছে যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা।



By










