দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একাধিক বিজেপি কর্মীকে। তার প্রতিবাদ জানাতে সোমবার মিছিল ও বিক্ষোভে নামে বিজেপি যুব মোর্চা। হাতে দলীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে মিছিল এগিয়ে যায় গিরিশ পার্ক থানার দিকে।
তবে পরিস্থিতি চাঞ্চল্যকর হয়ে ওঠে থানার সামনে পৌঁছানোর পর। বিক্ষোভকারীদের তরফ থেকে চেষ্টা করা হয় ব্যারিকেড ভাঙার। অন্যদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে গেরুয়া শিবিরের কর্মীদের। শুধু তাই নয়, তাঁদের আরো অভিযোগ, তৃণমূল কর্মীরাও যুক্ত ছিলেন ঘটনার সঙ্গে, কিন্তু গ্রেফতার করা হয়নি তাঁদের।
বর্তমানে এই ঘটনাটি নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর হইচই পড়েছে। একদিকে বিজেপির বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে, বিজেপির দাবি নাটক করছে তৃণমূল। তবে ঘটনার দুদিন হয়ে গেলেও এখনো গিরিশ পার্ক চত্বরে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। এবার দেখার বিষয় যে এই ঘটনায় বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা আগামীদিনে।



By










