দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম। তার প্রতিবাদ জানাতে ধর্মতলায় ধরনা কর্মসূচি চলছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। প্রতিনিয়তই সেখান থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করে চলেছে ঘাসফুল শিবির। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে জানিয়েছিলেন যে তাঁর কাছে খবর আছে যে ইভিএমে কারচুপি হতে পারে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমোর সেই মন্তব্যের জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, “পরীক্ষা করে দেখা হবে যদি ভিভিপ্যাটের সঙ্গে ইভিএমের তথ্যে কোনও গরমিল পাওয়া যায় এবং সেটা পুরোটাই করা হবে কাউন্টিং এজেন্টের সামনে।” এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে পরাজিত প্রার্থী ইভিএম পরীক্ষাও করতে পারবেন চাইলে এবং তার জন্য এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে।
পাশাপাশি, জ্ঞানেশ কুমারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের হার প্রকাশ করা হবে প্রত্যেক দু’ঘণ্টা অন্তর। তিনি বলেন, “সেটা পাওয়া যাবে ইসিআইনেট অ্যাপে।” এছাড়া তিনি আরো জানিয়েছেন যে রাজ্যে বুথের সংখ্যা থাকবে ৮০ হাজারেরও বেশি, তবে কোনোটাতেই বারোশোর উপর ভোটার থাকবে না। বিশেষ সহায়তা ক্যাম্পের পাশাপাশি থাকবে নম্বরও, যেখানে অভিযোগ জানাতে পারবেন যেকোনও রাজনৈতিক দল। স্বচ্ছতার কথা মাথায় রেখে সমস্ত ভোটকেন্দ্রে থাকছে ওয়েব কাস্টিং, যা পুরোপুরি মনিটর করবে কমিশন। মোবাইল বাইরে রেখে বুথে ঢুকতে হবে।



By










