দেবজিৎ মুখার্জি: উত্তরবঙ্গ ও বিহারের একাধিক জেলা নিয়ে কেন্দ্রের কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার পরিকল্পনা পোস্ট নিয়ে মুখ খুলল কেন্দ্র। কী বক্তব্য তাদের? কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে গোটা বিষয়টি ভুয়ো। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এমন প্রস্তাব বিবেচনার অধীনেও নেই। অর্থাৎ পুরো দাবি উড়িয়ে দিল কেন্দ্র।
শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে যে বিহারের পূর্নিয়া, আরারিয়া, কিসানগঞ্জ ও কাটিহার এবং পশ্চিমবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুর জেলা নিয়ে নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে। এখানেই শেষ নয়, পোস্টে আরো দাবি করা হয় যে গুরুত্বপূর্ণ চিকেনস নেকও পড়বে এর মধ্যে। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে তা শেয়ারও করা হয়।
বিষয়টি এতটাই ছড়িয়ে পড়ে যে শনিবার ধরনা মঞ্চের দ্বিতীয় দিনে বিষয়টি নিয়ে আওয়াজ ওঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একবার হাত দিয়ে দেখাক পশ্চিমবঙ্গে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে ফেলে দেওয়া হবে দিল্লির সরকার। কাউকে কাউকে এই বিষয়টি খাইয়েছে শয়তানরাই। কেন্দ্রশাসিত অঞ্চল হবে নাকি বাংলা-বিহার ভাগ করে। আমি বলি একবার হাত দিয়ে দেখাক পশ্চিমবঙ্গে। কীসের এতো অহংকার। এই সরকার টিকে আছে চন্দ্রবাবু নাইডুর দয়ায়। জ্বলছে টিমটিম করে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে ফেলে দেওয়া হবে দিল্লি সরকার।”
এরপর কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে তা সম্পূর্ণ ভুয়ো। বিবৃতিতে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যা দাবি করা হচ্ছে যে শিলিগুড়ি করিডরের কাছে পশ্চিমবঙ্গ এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রের এক নয়া কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকল্পনা করছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি এও পরিষ্কার করে দেওয়া হয় যে তা কেন্দ্রের বিবেচনার অধীনে নেই। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই ব্যাপারে আর কি হয়। এর জল অনেকদূর গড়ায় কিনা সেদিকেই এখন নজর রয়েছে সকল রাজ্যবাসীর।



By










