দেবজিৎ মুখার্জি, কলকাতা: “বাংলায় দিদি হচ্ছে একটা ব্র্যান্ড” শনিবার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করলেন সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া তরুণ নেতা প্রতীক উর রহমান। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে রাজ্যবাসী চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন। এছাড়া কৃতজ্ঞতা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি, একহাত নেন বিজেপি, আরএসএস ও নির্বাচন কমিশনকেও।
সম্প্রতি, প্রকাশিত হয়েছে এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকা। তাতে দেখা গিয়েছে যে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। এখানেই শেষ নয়, আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। বিষয়টি জনসম্মুখে আসতেই তীব্র কটাক্ষ করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে শুক্রবার, ৬ মার্চ, প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতারা ধর্মতলায় ধরনায় বসবেন।
ঘোষণা অনুযায়ী শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের একাধিক প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও। মঞ্চ থেকে তিনি গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। শনিবার ধরনার দ্বিতীয় দিন। এদিনও মঞ্চ থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করেন সদ্য সিপিএম থেকে তৃণমূলে আসা প্রতীক উর রহমান। পাশাপাশি, নিজের বক্তব্যে এটাও পরিষ্কার করে দেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই।
প্রতীক উর রহমান বলেন, “বাংলায় দিদি হচ্ছে একটা ব্র্যান্ড। রাজ্যবাসী চোখ বন্ধ করে ওনাকে ভরসা করেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “উনি মঞ্চে নেই এখন। কিন্তু ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি খুশি এত বড় মঞ্চে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে বলার।” বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কাগজ দেখাবো না আমরা।” প্রতীকের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভালো বলেছ। জল খেয়ে নাও এবার।”



By









