• Home
  • জেলার খবর
  • পুজোয় পাহাড়ে টয় ট্রেনের নতুন রুটের সূচনা! চালু হচ্ছে ‘মুক্তধারা’ ও ‘রেড পান্ডা’

পুজোয় পাহাড়ে টয় ট্রেনের নতুন রুটের সূচনা! চালু হচ্ছে ‘মুক্তধারা’ ও ‘রেড পান্ডা’

Image

দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম— বাঙালিদের কাছে ‘জয় রাইড’ বরাবরই বিশেষ আকর্ষণের। তবে এই চেনা রুটের পাশে আরও এক নতুন ট্রেন সফরের সুযোগ মিলতে চলেছে পাহাড়ে। পুজোয় শুরু হচ্ছে আরও একটি নতুন ‘জয় রাইড’ রুট— কার্শিয়াং থেকে মহানদী। আর এই রুটেই ছুটবে ‘মুক্তধারা’ ও ‘রেড পান্ডা’।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) তরফে এই নতুন রুটের ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এই নতুন ‘জয় রাইড’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ নাটকে উল্লেখ রয়েছে ‘পাগলাঝোরা’র। কার্শিয়াংয়ের কাছেই অবস্থিত এই জলপ্রপাতের পাশ দিয়ে যাবে নতুন টয় ট্রেনটি। তাই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নতুন ‘জয় রাইড’-এর নাম রাখা হয়েছে ‘মুক্তধারা’।

কত ভাড়া ‘মুক্তধারা’র?

কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত যে ডিজেল চালিত টয় ট্রেনটি চলবে, তার-ই নাম দেওয়া হয়েছে ‘মুক্তধারা’।

  • সময়সূচি: ট্রেনটি কার্শিয়াং স্টেশন থেকে দুপুর ৩টে ১৫ মিনিটে ছাড়বে এবং মহানদী পৌঁছবে বিকেল ৪টেয়।
  • ভাড়া: এই সফরের ভাড়া শুরু হচ্ছে ১,০৩০ টাকা থেকে।

কখন ছাড়বে ‘রেড পান্ডা’?

একই রুটে চলবে কয়লার ইঞ্জিন চালিত আরও একটি ঐতিহ্যবাহী টয় ট্রেন। সেই ‘জয় রাইড’-এর নাম দেওয়া হয়েছে ‘রেড পান্ডা’।

  • সময়সূচি: ‘রেড পান্ডা’ কার্শিয়াং স্টেশন থেকে সকাল ৯টায় ছাড়বে এবং মহানদী পৌঁছবে সকাল ১০টায়।
  • ভাড়া: এই ট্রেনের ভাড়া শুরু ১,৫ ৩০ টাকা থেকে। (উল্লেখ্য, এই ট্রেনের রুটে রেড পান্ডার দেখা পাওয়ার সম্ভাবনা নেই)।

দার্জিলিং-ঘুম রুটের টয় ট্রেনের সময়সূচি

নতুন এই দুই ‘জয় রাইড’-এর পাশাপাশি দার্জিলিং-ঘুম রুটে আগের মতোই টয় ট্রেন চলবে। ডিজেল চালিত টয় ট্রেন দার্জিলিং থেকে ঘুমের উদ্দেশে ছাড়বে সকাল ৯টা ২০ মিনিট এবং ১১টা ২৫ মিনিটে। অন্য দিকে, ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট এবং দুপুর ১২টা ৩০ মিনিটে। এই রুটে টয় ট্রেনের ভাড়া শুরু ৮০০ টাকা থেকে। সব মিলিয়ে এ বছর পুজোয় মোট ছয়টি ‘জয় রাইড’ চলবে পাহাড়ে।

________

Scroll to Top