দেবজিৎ মুখার্জি, হাওড়া: পিলখানায় প্রোমোটার হত্যা ঘটনায় এবার পুলিশের জালে ৩ জন। ধৃত তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বুধবার রাতে তল্লাশি চালিয়ে। তাঁদের গ্রেফতার করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) অর্থাৎ হত্যা, ২৩৮ (এ)/ ৩(৫) অর্থাৎ প্রমাণ নষ্ট করা, আসল অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করা ও আগ্নেয়াস্ত্র আইনে। যদিও দুই মুল অভিযুক্ত হারুন ও রোহিত এখনো পুলিশের জালে আসেনি। তল্লাশি চালানো হচ্ছে তাঁদের খোঁজের জন্য।
অন্যদিকে এই ঘটনায় খবর করতে এসে আক্রান্ত হয়েছিলেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী নামে এক সাংবাদিক। এই ঘটনায়ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে একই উপলক্ষে জড়ো হওয়া থেকে শুরু করে আঘাত করা সহ বেশ কয়েকটি ধারায়। এবার দেখার যে আর কাদের নাম উঠে আসে ঘটনার তদন্ত থেকে।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত বুধবার থেকে। সেদিন ভোরে গোলবাড়ির পিলখানা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় ২৭ বছর বয়সী প্রোমোটার শফিক খানকে। তাঁকে হত্যার অভিযোগ ওঠে হারুন ও রোহিত নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজেও সবটা ধরা পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয়দের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় অভিযুক্তদের গ্রেফতারির দাবি তুলে। শুধু তাই নয়, দুই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। পুলিশ রুখতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামে। মৃত শফিকের দেহ নিয়ে রাস্তা অবরোধও করেছেন বিক্ষোভকারীরা।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়। অভিযোগ, হারুনকে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে। যদিও শাসক শিবিরের সেই বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি, অপরাধীদের কঠিন শাস্তির দাবি তোলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ রুস্তম খান। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয় এই ঘটনায়।



By









