দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: এমনিতেই দোরগোড়ায় বিধানসভা নির্বাচন তার মাঝে রাজ্যে চলছে এসআইআরের কাজ। এরই মাঝে রানিগঞ্জ শহরে ঘটলো এক বড় ঘটনা। কী ঘটেছে সেখানে? একাধিক ভোটার কার্ড পাওয়া গিয়ে চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে, যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে আবর্জনার স্তূপে এত ভোটার কার্ড এলো। এর মাঝে এক যুবকের বক্তব্য, বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁর ভোটার কার্ড সেই স্তূপে পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ভোটার কার্ডগুলি কি তাহলে ভুয়ো?
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে স্থানীয়রা বুধবার সন্ধ্যা নাগাদ দেখেন যে সেই আবর্জনার স্তূপে বেশ কয়েকটি ভোটার কার্ড পড়ে রয়েছে এবং তড়িঘড়ি জানানো হয় স্থানীয় পুলিশকে। এর মাঝে এক যুবকের বক্তব্য, “আমি বাড়ি ফিরছিলাম। তখন আমার ভাই আমাকে ফোন করে জানায় যে আবর্জনায় নাকি পড়ে রয়েছে আমার ভোটার কার্ড। সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই এবং গিয়ে দেখি সত্যিই পড়ে রয়েছে।” তবে এর সঙ্গে সেই যুবকের বক্তব্য, “আমার ভোটার কার্ড আমার বাড়িতে সুরক্ষিত অবস্থাতেই আছে। কাউকে ভোটার কার্ড ব্যবহার করতে দিনি।”
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি করে এতগুলি ভোটার কার্ড সেখানে পাওয়া গেল? সেগুলো কি ভুয়ো? ঘটনা প্রসঙ্গে এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল বলেন, “এসআইআরের কাজ চলছে। তার মাঝে এতগুলি ভোটার কার্ড ডাস্টবিনের মধ্যে কিভাবে এলো, তা খতিয়ে দেখা উচিত পুলিশ প্রশাসনের।” এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে প্রশাসনের ভুল রয়েছে এতে। এবার সেক্ষেত্রে দেখার বিষয় যে এই ব্যাপারে আগামীদিনে আর কি বেরিয়ে আসে। যদিও এই জাতীয় ঘটনা এসআইআর চলাকালীন প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে সল্টলেকের রাস্তায় ও কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গলের স্তূপ থেকে। এবার দেখার যে আগে কি হয়।



By









