দেবজিৎ মুখার্জি: “গর্বিত আমার বব্বর শের কমরেডদের জন্য” এআই সম্মেলন চলাকালীন যুব কংগ্রেস কর্মীদের টি-শার্ট খুলে বিক্ষোভের ঘটনায় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবের গ্রেফতারি নিয়ে অবস্থান জানালেন হাত শিবিরের সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, যুব কংগ্রেস কর্মীদের গ্রেফতারি প্রমাণ করেছে পুলিশের স্বৈরাচারী মানসিকতা ও কাপুরুষতা।
এআই সম্মেলন চলাকালীন যুব কংগ্রেস কর্মীদের টি-শার্ট খুলে বিক্ষোভের ঘটনায় তিলক মার্গ থানায় গ্রেফতার করা হয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবকে। অন্তত ১৫ ঘণ্টা ধরে প্রশ্ন করা হয় তাঁকে। পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি সাহায্য করেননি তদন্তকারীদের, বরং বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরপরই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার নিন্দা জানিয়ে রাহুল গান্ধী একটি পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেল থেকে। তিনি লেখেন, “সমগ্র ভারতবর্ষের সামনে সত্যিটা তুলে ধরেছেন যুব কংগ্রেস সভাপতি উদয় এবং বাকিরা। স্বৈরাচারী মানসিকতা ও কাপুরুষত্বের প্রমাণ কমরেডদের এই গ্রেফতারি।” তাঁর সংযোজন, “আমাদের রক্তে রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ। এটি সকল ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার। আমি গর্বিত যুব কংগ্রেসে আমার বব্বর শের কমরেডদের জন্য। ভারতবর্ষের স্বার্থে তাঁরা বিনা ভয়ে আওয়াজ তুলেছেন কম্প্রোমাইজ করা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।”
প্রসঙ্গত, গত শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়।
ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের বক্তব্যে কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন। তবে শুধু বিজেপি নয়, অন্যান্য বিজেপি বিরোধী দলও কংগ্রেসকে সমর্থন জানায়নি এই কীর্তির জন্য। যদিও হাত শিবির নিজেদের সিদ্ধান্তে অনড়। তাদের সাফ কথা, সাওয়াল করা বন্ধ হবে না। তদন্ত এখনো চলছে এবং বাড়ছে গ্রেপ্তারির সংখ্যা। এবার দেখার বিষয় যে ঘটনার জল আরো কতদূর গড়ায়।



By












