• Home
  • খেলা
  • খারাপ ফর্মে থাকা অভিষেক কি খেলবেন প্রোটিয়াদের বিরুদ্ধে? উত্তর দিলেন মর্কেল

খারাপ ফর্মে থাকা অভিষেক কি খেলবেন প্রোটিয়াদের বিরুদ্ধে? উত্তর দিলেন মর্কেল

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে গেছে টিম ইন্ডিয়া। এই পর্যন্ত তারা অপরাজিত। গ্রুপ পর্বের একটি ম্যাচেও হারেনি তারা। তবে এই সবকিছুর মাঝেও টিম ইন্ডিয়া সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি রান পাননি। বিস্তারিতভাবে বলতে গেলে, এখনো পর্যন্ত তিনি খাতা খুলতে পারেননি। প্রত্যেকটি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে অভিষেককে কি খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

এই ব্যাপারে মুখ খুললেন দলের বোলিং কোচ মর্নে মর্কেল। কী বক্তব্য তাঁর? অভিষেকের ফর্মে ফেরা নিয়ে আশাবাদী তিনি। মর্নে পরিষ্কার করে দেন যে ফর্মে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তরুণ তারকা। তাঁর বক্তব্য, নেটে তিনি বেশ পরিশ্রম করছেন এবং দল তাঁর পাশে রয়েছে। এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে অভিষেক ঠিক ফর্মে ফিরবেন।

মর্নে মর্কেল বলেন, “অভিষেক ভীষণ পরিশ্রম করছে নেটে। ওর পাশে রয়েছে দল।” এরপরই সুপার এইট পর্ব প্রসঙ্গে নিজের অবস্থান সহ অভিষেকের ফর্ম সম্পর্কে বলেন মর্কেল। তিনি বলেন, “আমরা যাচ্ছি বিশ্বকাপের বেশ গুরুত্বপূর্ণ পর্বের মধ্যে দিয়ে। নিশ্চিত ও ফর্ম ফিরে পাবে।” তাঁর সংযোজন, “ও দর্শকদের বিনোদন দেবে, আমরাও সেটা দেখতে ভালোবাসি।” এর থেকে এটা ধরে নেওয়া যায় যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন।

প্রসঙ্গত, শেষ ৮টি ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন অভিষেক। শেষ ৮টি টি-টোয়েন্টিতে তরুণ তারকা করেছেন ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। এমন পরিস্থিতিতে তাঁর কনফিডেন্স যে অনেকটা কমেছে, তা না বললেও বোঝা যায়। দলের সমর্থকরাও যে তাঁকে সেই আগ্রাসীভাবে ব্যাটিং করতে দেখতে চান, তা না বললেও চলে।

উল্লেখ্য, সুপার এইটে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ তারিখে। এরপর তারা খেলতে নামবে জিম্বাবয়ের বিরুদ্ধে ২৬ তারিখে। তাদের অন্তিম ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৮ তারিখে তারা নামবে ইন্ডিজদের বিরুদ্ধে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বের মতো সুপার এইটেও অপরাজিত হয়ে শেষ করেন কিনা সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top