• Home
  • জেলার খবর
  • তৃণমূল কি সত্যিই যোগ দিচ্ছেন? জবাবে যা বললেন প্রতীক উর

তৃণমূল কি সত্যিই যোগ দিচ্ছেন? জবাবে যা বললেন প্রতীক উর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “তা সময় বলবে” তৃণমূল কংগ্রেসের যোগদান প্রসঙ্গে নিরবতা ভাঙলেন প্রতীক উর রহমান। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বহু দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। অনেকের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং অনেকের সঙ্গে হয়নি। এরপরই তিনি পরিষ্কার করে দেন যে তিনি বিজেপিতে যাবেন, নাকি তৃণমূলে, নাকি হুমায়ুন কবিরের দলে, তা সময় বলবে।

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার চরিত্র প্রতীক উর রহমান। গত সোমবার তিনি সিপিএমকে রাজ্য ও জেলা কমিটি থেকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা চিঠি মারফত জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বঙ্গ রাজনীতিতে পড়ে যায় হইচই। তার উপর বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছে যায় যখন শোনা যায় যে তিনি নাকি ঘাসফুল শিবিরের পতাকা ধরবেন।

এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রতীক উর। সরাসরি জানাননি যে তিনি আদৌ শাসক শিবিরে যোগ দেবেন কিনা। তবে এটা পরিষ্কার করে দিয়েছেন যে অনেক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যে। পাশাপাশি, এটাও দাবি করেন যে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। যদিও রাজনৈতিক সন্যাস নিতে পারেন বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

প্রতীক উর রহমান বলেন, “বহু দলই যোগাযোগ করেছে। অনেকের সঙ্গে কথা হয়েছে। আবার অনেকের সঙ্গে কথা বলিনি।” এরপরই তাঁর সাফ কথা, “আমি বিজেপিতে যাব, নাকি তৃণমূল কংগ্রেসে, নাকি হুমায়ুন কবিরের দলে, সেটা সময় বলবে। সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক।” পাশাপাশি, তিনি এই ইঙ্গিতও দেন যে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে পারেন।

ইতিমধ্যেই সিপিএমের তরফ থেকে ময়দানে নামা হয়েছে প্রতীক উরের মান ভাঙানোর চেষ্টা করতে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে বর্তমানে নানা বিষয়ে সমস্যার মধ্যে রয়েছে বামেরা, তার উপর যদি প্রতীক উরের মতো নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, তাদের চাপ আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই পর্বে কি হয়। কোন পথে এগোচ্ছে বিষয়টি, সেদিকেই নজর রয়েছে গোটা রাজ্যের।

Scroll to Top