নিউজ ডেস্ক: রাত পোহালেই কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলের কাছেই এই ম্যাচ শুধু একটি ম্যাচ নয়, বরং প্রেস্টিজ ফাইট। একদিকে ভারতীয় ক্রিকেটারদের মাথায় ঘুরবে দেশের সম্মান ও পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের হত্যার বিষয়টি। অন্যদিকে, আবার পাকিস্তানের মাথায়ও দেশের সম্মানের বিষয়টি ঘুরবে। পাশাপাশি, থাকবে ‘অপারেশন সিঁদুর’এর জেরে হওয়া ধ্বংসের বিষয়টিও। তার উপর রয়েছে বয়কট ড্রামা। এক কথায় বলতে গেলে, এই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ।
তবে এই মহাযুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের তরুণ তারকা ওপেনার সাহেবজাদা ফারহান। কী বললেন তিনি? কলম্বোর যে উইকেট, তা স্পিন ফ্রেন্ডলি। অনেকে দাবি করেছেন যে টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তীর বল খেলতে অসুবিধা হবে পাকিস্তানের ব্যাটারদের। যদিও পাক শিবিরের দাবি, এই রহস্য সমাধান করে ফেলেছে তারা। এই ব্যাপারে টিম হোটেলে ফারহান বলেন, “এবার বরুনকে খেলতে আমাদের সমস্যা হবে না। আর কিছু থাকবে না রহস্য বলে।”
শোনা যাচ্ছে, ম্যাচের ৪৮ ঘন্টা আগে একটি লম্বা ভিডিও সেশন করা হয় দলের তরফ থেকে। সেখানে বরুণ চক্রবর্তীর বোলিং ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দলের সকল ব্যাটারকে দেখানো হয়। শুধু তাই নয়, এই ব্যাপারে যাবতীয় সবকিছু ব্যাটারদের বুঝিয়ে দেওয়া হয় টিম অ্যানালিস্টের তরফ থেকে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কিভাবে বরুনের স্পিন ম্যাজিকের মোকাবিলা করেন পাক ব্যাটাররা।
উল্লেখ্য, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ বয়কট ড্রামা শুরু হয় পাকিস্তানের। প্রথমে তারা পুরো বিশ্বকাপই বয়কট করবে বলে ঠিক করেছিল। তবে শেষ পর্যন্ত তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। কিন্তু অবশেষে সুর নরম করতে বাধ্য হয় তারা এবং ঘোষণা করে দেয় যে ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামবে। এবার দেখার বিষয় যে এই ম্যাচ যায় কার ঝুলিতে। ভারত জিতবে নাকি পাকিস্তান? সেটাই এখন দেখার।



By














