• Home
  • জেলার খবর
  • “এপ্রিল মাস থেকে অনুদান” ভাগচাষি ও কৃষকদের জন্য বড় ঘোষণা মমতার

“এপ্রিল মাস থেকে অনুদান” ভাগচাষি ও কৃষকদের জন্য বড় ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী সেই বড় ঘোষণা? মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন যে ভাগচাষিরা ভাতা পাবেন এপ্রিল মাস থেকে। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে আরো একাধিক ঘোষণা করা হয় তাঁর তরফ থেকে, যেমন চাষীদের সেচের চার্জ মুকুব করা ও প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ক্যাম্প বসানো। 

সম্প্রতি, বিধানসভায় বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা হয় রাজ্যের তরফ থেকে। একাধিক বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যার মধ্যে একটি ভাগচাষীদের জন্য প্রতিবছর ৪ হাজার টাকা অনুদান। যদিও এই বিষয়টি রাজনৈতিক তরজার পাত্র হয়ে ওঠে। বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের বাজেটকে। যদিও ঘাসফুল শিবিরের তরফ থেকেও বিরোধীদের পাল্টা জবাব দেওয়া হয়। 

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে এপ্রিল মাস থেকে পাওয়া যাবে এই অনুদান। পাশাপাশি দুয়ারে সরকারের মতো ক্যাম্প করে আবেদন করার কথাও তিনি জানান। এছাড়া সেচের চার্জে ছাড় দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। এক কথায় ভাগচাষী ও কৃষক, দুজনের জন্যই বড় ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অনুদান এপ্রিল মাস থেকে পাওয়া যাবে। দুয়ারে সরকারের মতো প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে একটি করে। সেখানে করতে হবে আবেদন।” এর সঙ্গে তিনি সেচের চার্জের কথাটি তুলে ধরেন। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “অনুদানের পাশাপাশি যে সেচের চার্জ কৃষকদের দিতে হতো, এবার থেকে মুকুব করা হলো সেটা।”

প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে একাধিক ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবটি তুলে ধরেন। কিসে কত বরাদ্দ করা হয়েছে বা কোন ক্ষেত্রে কতটা বাড়ানো হয়েছে, সেই সবটি তিনি বিস্তারিতভাবে জানান। যদিও তারপরও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শাসকদলকে। তবে তার পাল্টাও দেওয়া হয় তাদের। এবার দেখার বিষয় যে যেই বাজেট ঘোষণা করা হয়েছে, তা ভোটবাক্সে প্রভাব ফেলে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top