দেবজিৎ মুখার্জি: কংগ্রেস নেতা গৌরব গগৈর সঙ্গে যে যোগ রয়েছে শত্রুদেশ পাকিস্তানের, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার। সিটের তরফ থেকে যেই রিপোর্ট দেওয়া হয়েছে, তার থেকে তিনি স্পষ্ট হয়ে গিয়েছেন। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি একহাত নেন কংগ্রেস নেতাকে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে রিপোর্টটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে তাঁদের তরফ থেকে। যদিও পাল্টা দেওয়া হয় হাত শিবিরের নেতার তরফ থেকেও।
অসাম মুখ্যমন্ত্রীর অভিযোগ, গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবোর্নের সঙ্গে যোগাযোগ রয়েছে আইএসআইর এবং দেশের একাধিক গোপন তথ্য তিনি তাদের পাচার করেছেন। এখানেই শেষ নয়, এই অভিযোগও তোলা হয় যে তিনি কাজ করতেন সেই দেশের পরিকল্পনা কমিশনের প্রাক্তন উপদেষ্টা তৌকির শেখের হয়ে। এই ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয় এবং মামলাও দায়ের করা হয় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী। পরে বিশেষ তদন্তকারী দল একটি ৪৪ পাতার ফাইনাল রিপোর্ট জমা দেয়।
রবিবার সাংবাদিক সম্মেলনে সেই রিপোর্ট নিয়ে বক্তব্য রাখেন হিমান্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে গৌরব গগৈ ও তাঁর স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। তদন্ত করা দরকার এই ঘটনার। আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে পুরো বিষয়টা তুলে দেবো। গৌরব গগৈর স্ত্রী বেতন পেতেন লিড পাকিস্তান নামে এক সংস্থার থেকে। টম উডাল এবং জর্জ সোরোসের সহকারি হিসেবেও কাজ করেছেন। পাকিস্তানি উনি আত্তারি সীমান্ত দিয়ে যেতেন লোকের নজর এড়াতে। বিয়ের পরে উনি ৯ বার ইসলামাবাদে গিয়েছেন। ২০১৩ সালে দুজনেই পাক সফরে গিয়েছিলেন। সেবার শুধু লাহোরে যাওয়ার অনুমতি থাকলেও তাঁরা করাচি ও ইসলামাবাদেও যান। ২০২২ সালে গৌরব গগৈ দিল্লির অফিসে নিজের নাবালক সন্তানের পাসপোর্ট জমা দিয়েছিলেন, যাতে সুবিধা হয় ব্রিটিশ নাগরিকত্ব পেতে।”
যদিও এর পাল্টা দেওয়া হয় গৌরব গগৈর তরফ থেকে। তিনি বলেন, “‘সি-গ্রেড সিনেমার চেয়েও বাজে। করুণা হচ্ছে সাংবাদিকদের জন্য। তাঁদের বরদাস্ত করতে হলো সুপার ফ্লপ সাংবাদিক সম্মেলন।’ পাশাপাশি, তিনি অভিযোগ তোলেন অসম মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ১২ হাজার বিঘা জমি দখল করে রাখার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By










