দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে আজও উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। কী হয়েছে শনিবার? অধিবেশনের শুরুতেই গেরুয়া শিবিরের বিধায়করা হুলুস্তলুষ শুরু করেন এবং এরপর ওয়াকআউট দেন বিধানসভা থেকে। কী কারণে ওয়াকআউট দেন তাঁরা? অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব আনা হয়েছে, তার বিরোধিতা জানিয়ে বিজেপি বিধায়কদের এই পদক্ষেপ।
ঘটনার সূত্রপাত শুক্রবার থেকে। বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “সন্ত্রাসবাদি তৈরি হয় মাদ্রাসায়। কেন সেখান থেকে পাশ করে বেরোতে পারেনা এক ইঞ্জিনিয়ার?” এখানেই শেষ নয়, বিজেপি বিধায়ক এটাও বলেন যে রাজ্য সরকার তাঁদের সাহায্য করছে আর্থিকভাবে।
এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি পাল্টা দেন অগ্নিমিত্রা পালকে। ববি বলেন, “আপনারা ঘৃণা করেন সংখ্যালঘুদের। সংখ্যালঘু মানেই তারা অপরাধী নয়। বহু মুসলমান প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। ইতিহাস পড়ুন, জানুন। প্রত্যাহার করুন আপনার বক্তব্য। আব্দুল কালাম ক্রিমিনাল? ছি ছি ছি।” দলের তরফ থেকেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানো হয় এবং তিনিও আশ্বাস দেন পদক্ষেপের।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। ওয়াকআউট দেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “আমাদের বিধায়ক ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার বলতে বলায় তিনি বলেন। কিন্তু তারপরও শুধু দু’জন সংখ্যালঘু বিধায়ক-মন্ত্রীর অনুরোধে, তাঁদের তুষ্ট করতে, অভিমিত্রা পালের বিরুদ্ধে বাধ্য হয়ে এনেছে নিন্দা প্রস্তাব। যেহেতু ওদের পক্ষে সংখ্যা বেশি বলে, এই প্রস্তাব ওরা পাস করবে। চরম নিন্দা করছি। বয়কট করছি অধিবেশন।” এবার দেখার বিষয় যে এই ঘটনার জল কতদূর গড়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয়, সেদিকে যে সংখ্যালঘুদের নজর রয়েছে, তা না বললেও বোঝা যায়।



By










