দেবজিৎ মুখার্জি: খুব বেশি দিন আর বাকি নেই আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের জন্য। কিন্তু এখনো পর্যন্ত ১০০ শতাংশ ফিট নন টিম ইন্ডিয়ার তারকা মিডিল অর্ডার ব্যাটার তিলক বর্মা। কিউইদের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর তাঁর খেলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিশ্বকাপে ব্যাট হাতে দেখা যাবে তো তাঁকে?
সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে সবকিছু জানানো হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে তিলকের সুস্থ হয়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে। তবে বিশ্বকাপ শুরুর ৩-৪ দিন আগে তিনি দলে ফিরে আসতে পারেন। বিবৃতিতে বোর্ড বলেছে, “তিলক শারীরিক অনুশীলন শুরু করেছেন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে। আস্তে আস্তে তিনি ১০০ শতাংশ ফিট হওয়ার দিকে এগোচ্ছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ যে তিনি খেলতে পারবেন না। তাই দলের সঙ্গে রাখা হচ্ছে স্রেয়াস আইয়ারকে।”
জানা গিয়েছে যে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে তিলক বর্মা দলে যোগ দিতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি যদি ফিট না হন, তাহলে তাঁর জায়গায় কাকে সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে দুটি নাম উঠে আসছে। একটি স্রেয়াস আইয়ার। কিউইদের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি দলের সঙ্গে থাকলেও এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। অন্য নামটি রিয়ান পারাগ। তিনিও দলে জায়গা করে নেওয়ার অন্যতম কন্টেনডার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বোর্ড চাইবে যাতে তিলক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক। এবার দেখার যে অবশেষে কি হয়।



By













