দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর তাণ্ডবের জেরে প্রাণ হারালেন ৭ জন। ঝড়-বৃষ্টির কারণে বিশাল ক্ষতি হয়েছে একাধিক জেলায়। জনজীবনও বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানান যে রাজ্য সরকারের তরফ থেকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে মৃতদের পরিবার পিছু। পাশাপাশি, এই আশ্বাসও দেন যে আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্বও সরকার নেবে। তাঁর বক্তব্য, “প্রশাসন দ্রুতগতিতে কাজ শুরু করেছে দুর্যোগ মোকাবিলায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ, রাস্তা ও অন্যান্য পরিষেবা স্বাভাবিক করতে।”
সবসময়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকে। শুধু তাই নয়, প্রশাসন সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।



By










