• Home
  • জেলার খবর
  • “২০২৬ তৃণমূলকে বিদায় জানানোর বছর” জয় নিয়ে আশাবাদী অমিত শাহ

“২০২৬ তৃণমূলকে বিদায় জানানোর বছর” জয় নিয়ে আশাবাদী অমিত শাহ

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: “তৃণমূল কংগ্রেসকে টাটা বাইবাই করার বছর ২০২৬” ব্যারাকপুরের কর্মীসভা থেকে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেয়ে রাজ্যে সরকার গড়বে গেরুয়া শিবির। এখানেই শেষ নয়, অমিত শাহ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এটাও জানান যে এবার তৃণমূল সুপ্রিমো দেখবেন বিজেপির ভোট শেয়ার ছাড়াবে ৫০ শতাংশ।

অমিত শাহ বলেন, “এই বছর তৃণমূল কংগ্রেসকে বিদায় জানানোর বছর। বাংলায় বিজেপি সরকার গড়বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ২০২৪ সালে আমরা ৩৯ শতাংশ ভোট পেয়েছিলাম। ২০২১ সালে আমরা পেয়েছিলাম ৩৮ শতাংশ ভোট। বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৭৭টি আসন নিয়ে। এবার ৪৫ শতাংশে জাম্প দিতে হবে ৩৮ থেকে। আপনি দেখবেন মমতা দিদি ৫০ শতাংশের উপর বিজেপির ভোট শেয়ার চলে যাবে। আমাদের সরকার আসবে বাংলায়।”

তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়েও তাদের কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আর উনি বলেন দুর্নীতি কোথা?” এর সঙ্গে বড় দাবি করে বসেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, “১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু তা চোখে পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (২০২১) বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার ক্ষমতায় আসে বাংলায়। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর ঘাসফুল শিবির ও তাদের জোটসঙ্গীর ঝুলিতে ছিল মোট ২১৬টি আসন। অন্যদিকে, বিজেপি পায় ৭৭টি।

বাম-কংগ্রেস খাতা খুলতে না পারলেও, আইএসএফ জয় পায় একটি আসন, তথা ভাঙ্গরে। তবে এই মুহূর্তে শাসকদল ও তাদের জোটসঙ্গীদের মোট আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ২২৫এ, বিজেপির ৬৫ এবং বাকিদের দখলে ৪টি। এবার দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর চিত্রতে কোন পরিবর্তন দেখা যায় কিনা। নাকি অব্যাহত থাকবে সবুজ ঝড়? সব প্রশ্নের উত্তর যাবে আর কিছুদিন পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top