• Home
  • জেলার খবর
  • “কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে” শান্তি বজায় রাখার বার্তা মমতার

“কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে” শান্তি বজায় রাখার বার্তা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বার্তা দিলেন তিনি? তৃণমূল সুপ্রিমো সকলকে শান্তি ধরে রাখার বার্তা দিলেন। মঙ্গলবার সেখান থেকে ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নতুন রূপে তৈরি সিরিটি মহাশ্মশানের ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং ভোটের আগে অশান্তি লাগানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝগড়া করলে রাস্তা অবরোধ করে দেবে যদি ৩০ শতাংশ কমিউনিটির কোনও লোক থাকে। এমনি ২৬ শতাংশ সিডিউল কাস্ট এবং ৬ শতাংশ আদিবাসী রয়েছে। আদিবাসীরা কিছু হলেই বসে যায় ট্রেন অবরোধ করে। কিন্তু আমি এমনটা চাই না। আমি চাই সকলে একসাথে মিলেমিশে থাকুক। ভোটের আগে একটা চেষ্টা চলছে যাতে অশান্তির পরিস্থিতি তৈরি করা যায়।”

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “ভোটের জন্য কেউ কেউ চেষ্টা করছে যাতে দাঙ্গা লাগানো যায়। কিন্তু আমাদের ৩৬৫ দিন থাকতে হয়।” সকল রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবার এই বাংলা।” যদিও তিনি স্পষ্ট করে জানাননি যে কে বা কারা এমনটা করতে চাইছেন। তবে প্রশ্ন থাকছে যে কেন এমনটা মনে হল মুখ্যমন্ত্রীর? 

এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গে কাজ করেন অন্য রাজ্যের দেড় কোটি শ্রমিক। কিন্তু এখানে তাঁদের সমস্যায় পড়তে হয় না। কিন্তু আমাদের শ্রমিকরা যখন অন্য রাজ্যে কাজ করতে যায়, তখন তাদের উপর বেশ অত্যাচার করা হচ্ছে।” তৃণমূল সুপ্রিমো রাজ্যের সকল পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য কাজের ব্যবস্থা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top