নিউজ ডেস্ক: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপ ঘিরে ড্রামা যেন শেষ হওয়ার নাম নেই। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল সমস্যা। অবশেষে আইসিসির তরফ থেকে তাদের বাদ দেওয়া হয় এবং তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড। সেই রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে পাকিস্তানকে নিয়ে ড্রামা। তারা দল ঘোষণা করলেও পিসিবি প্রধান মহসিন নকভি পরিষ্কার করে দিয়েছেন যে সরকার নির্দেশ দিলে যেকোনও দিন বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে তারা। বৈঠকও চলছে এই নিয়ে।
তবে এক পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ যে প্রতিবেদনে লিখেছে যে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন নকভি এবং সেখানে হয়তো পাক প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হতে পারে বিশ্বকাপ বয়কটের পরিবর্তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কটের এবং যদি প্রধানমন্ত্রী রাজি হন, তাহলে তাদের তরফ থেকে আইসিসিকে দাবি জানানো হবে। সুতরাং কোন পথে শেষ পর্যন্ত হাঁটা হবে, সেদিকে গোটা ক্রিকেট মহলের নজর থাকবে।
প্রসঙ্গত, লাহোরে দলের হেড কোচ মাইক হেসনের সঙ্গে কথোপকথনে পিসিবি প্রধান বলেছেন, “আমরা অপেক্ষায় রয়েছি সরকারের নির্দেশের। সরকারের তরফ থেকে যেই নির্দেশ দেওয়া হবে, সেটাই করব আমরা।” এরপরই তিনি পরিষ্কার করে দিলেন, “যদি সরকার বলে আমরা বিশ্বকাপে যাব না, তাহলে সেটাই মেনে নেব আমরা।” অর্থাৎ, পুরো বিষয়টি তিনি সরকারের উপর ছেড়ে দেন। এখানেই শেষ নয়, তিনি নাকি দলের ক্রিকেটারদের সঙ্গে দল ঘোষণা হওয়ার পর বৈঠক করেন এবং বুঝিয়ে দেন যে সরকার যদি সরে দাঁড়ানোর নির্দেশ দেয়, তাহলে যেকোনও মুহূর্তে সরে দাঁড়াতে পারে তারা।



By














