দেবজিৎ মুখার্জি, কলকাতা: দিল্লি সফর স্থগিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! বুধবার বিমান দুর্ঘটনার জেরে না ফেরার দেশে চলে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ঘটনায় শোকাহত তৃণমূল সুপ্রিমো। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে। যদিও বৃহস্পতিবার তিনি রাজধানীর দিকে রওনা হতে পারেন বলে জানিয়েছেন। অর্থাৎ সিঙ্গুরের সভা শেষ করার পর তিনি আজ দিল্লি যাচ্ছেন না।
প্রসঙ্গত, বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে সম্ভবত যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এর জেরে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আগুন লেগে যায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে বিমানটি ভেঙে অজস্র টুকরো হয়ে যায়। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ডিজিসিএ অজিত পাওয়ারের মৃত্যু ঘোষণা করেন।
ঘটনা জনসম্মুখে আসতেই শোকাহত মহারাষ্ট্র সহ দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক নেতা শোকপ্রকাশ করেছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেল থেকে শোকপ্রকাশ করার পাশাপাশি ঘটনার নিখুঁত তদন্তের দাবি তুলেছেন। তিনি লিখেছেন, “”অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যুতে আমি শোকাহত এবং স্তম্ভিত। আজ সকালে এক ভয়ংকর বিমান দুর্ঘটনায় বারামতিতে প্রাণ হারিয়েছেন অজিত পাওয়ার ও তাঁর ৪ সহযোগী। এটি একটি বড় ক্ষতি।” এরপরই পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, “আমার সমবেদনা তাঁর কাকা শরদ পাওয়ার সহ তাঁর পুরো পরিবার এবং বন্ধু ও অনুগামীদের প্রতি।” এরপরই তিনি দাবি করেন, “এই ঘটনার নিখুঁত তদন্ত করা দরকার।” এবার দেখার যে তদন্ত হয় কিনা বা হলেও কিছু বড়সড় বেরিয়ে আসে কিনা।



By









