দেবজিৎ মুখার্জি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিল টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে সহজ জয় পেলেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। বিস্তারিতভাবে বলতে গেলে, রীতিমতো ছেলেখেলা করা হয় কিউইদের সঙ্গে। ব্যাটিং হোক কি বোলিং, দুটিতেই এগিয়ে ছিল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে তারা। এই মুহূর্তে সিরিজের ফলাফল ৩-০। ক্রিকেট বিশেষজ্ঞরা আশাবাদী যে শেষ দুটি ম্যাচেও জেতার লক্ষ্য নিয়ে নামবে দল।
এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি কিউইদের। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় তাদের। প্রথম ৬ ওভারেই তিনটি উইকেট হারায় তারা। পরে যদিও চ্যাপম্যান ও ফিলিপ্স একটি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। কিন্তু সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত চেষ্টা করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস আসে গ্লেন ফিলিপ্সের ব্যাট থেকে। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন দলের তারকা পেসার জাস্প্রিত বুমরাহ। এছাড়া দুটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও রবি বিশ্নই এবং একটি উইকেট পান হর্ষিত রানা।
জবাবে রান তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার সঞ্জু স্যামসন। এরপর ঈশান কিষানকে নিয়ে একটি বড় পার্টনারশিপ গড়েন দলের আরেক ওপেনার অভিষেক শর্মা। ঈশান আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে আসেন।
অভিষেক ও সূর্যের দাপুটে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া ফিনিশ লাইন পার করে এবং ৮ উইকেটে ম্যাচ জিতে চলতি সিরিজ নিজেদের নামে করে নেয়। অভিষেক শর্মা অপরাজিত থাকেন ৬৮ রানে এবং সূর্যকুমার যাদব ৫৭ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান ম্যাট হেনরি ও ঈশ সোধি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জাস্প্রিত বুমরাহকে।



By













