দেবজিৎ মুখার্জি: যখন গোটা ভারতবর্ষ ককরোচ জনতা পার্টির (সিজেপি) উত্তাল, এই আবহে সমাজমাধ্যমে এক ছবি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। কী সেই ছবি? সেই ছবিতে একফ্রেমে দেখা যাচ্ছে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস ও ২০২০ সালে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ। ছবিটি প্রকাশ্যে আনেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। তা জনসম্মুখে আসতেই একেবারে হইচই পড়ে যায়।
রাজীব চন্দ্রশেখরের শেয়ার করা সেই পোস্টে উমর খালিদের সঙ্গে নিজের ছবি দিয়ে সৌরভ দাস লিখেছেন, “অত্যন্ত সাহসী উমর খালিদের সঙ্গে দেখা। তিনি তুচ্ছ ও মিথ্যা মামলায় জেলবন্দি ৫ বছর ধরে। এই কালো দাগ দেশের বিচার ব্যবস্থার গায়ে সারা জীবনের জন্য থেকে যাবে। তাঁর প্রতি শ্রদ্ধা তাঁর মাথানত না করার মানসিকতা বাড়িয়ে দেয়।” সৌরভের সেই বার্তা তুলে ধরে চন্দ্রশেখর লেখেন, “যাঁরা প্রকৃত পড়ুয়া এবং তাঁদের অভিভাবক, যাঁরা ন্যায্য দাবির জন্য লড়াই করছেন, তাঁদের এই ছবি ও বার্তাটি দেখা উচিত এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন কাকে সমর্থন করছেন আপনারা।” তিনি আরও লেখেন, “কোনও হিংসাত্মক আন্দোলন সহ্য করা হবে না। যে বা যারা এই দেশ, গণতন্ত্র বা অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা করবে, তাদের মধ্যে বিরোধিতা করতে হবে।”
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশ গ্রহণযোগ্য নয় অভিযোগ তুলে ফের গোটা দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফ থেকে। আরশোলাদের অভিযোগ, কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই সমঝোতাকে সম্মান করা হচ্ছে না। সংগঠনের মুখপাত্র সৌরভ দাসের আশঙ্কা, মঙ্গলবার শীর্ষ আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে, সেটাকে হাতিয়ার করে কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হতে পারে বিক্ষোভকারীদের।



By










