দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় এবার আরও কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। কী সেই পদক্ষেপ? ধৃত ১৩ জনের বিরুদ্ধে তাদের তরফ থেকে পেশ করা হল চার্জশিট। সিবিআইয়ের দাবি, সনাক্ত করা সম্ভব হয়েছে প্রশ্নপত্র প্রস্তুতকারী থেকে শুরু করে ‘সুবিধাভোগী’ পরীক্ষার্থী পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের উৎস ও মুভমেন্ট। পুরো চক্রই উন্মোচিত করে ফেলেছে তারা।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা এই চার্জশিটে অভিযোগ আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট এবং ‘দুর্নীতি প্রতিরোধ আইন’ ও ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’এর মতো একাধিক ধারায়। সিবিআই জানিয়েছে, “এই চার্জশিট ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথিপত্র এবং ৪৩টি বস্তুগত প্রমাণের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। ১৩ জন অভিযুক্তই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।” বুধবার সম্ভবত শুনানি হতে চলেছে এই মামলার।
সিবিআই আরও জানিয়েছে, “মামলা নথিভুক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তারা দ্রুত পদক্ষেপ করেছিল তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করতে। ঘটনাক্রম দ্রুত স্পষ্ট হয়ে যেতে থাকে। আর এর জেরে পর্দা ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট চক্রের। তা সম্ভব হয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং অন্যান্য রাজ্যে মোট ৯২টি স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি বহু নথিপত্র বাজেয়াপ্ত এবং ফরেনসিক বিশ্লেষণের ফলে। নিট কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি সংগ্রহ করেছিলেন প্রশ্নপত্র প্রস্তুতকারীদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নগুলো এবং তা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। আর্থিক লেনদেনের সূত্রও খুঁজে বার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট, লকার ও একটি ডি-ম্যাট অ্যাকাউন্ট।”



By










