দেবজিৎ মুখার্জি, কলকাতা: কোচবিহারের শীতলকুচিতে ডিম হামলার ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি সবুজ সংকেত পেয়েছেন আদালতের তরফ থেকে। শুনানি হতে পারে এই সপ্তাহেই।
গত শনিবার শীতলকুচি ব্লকের সিংহিমারি গ্রামের বাসিন্দা মণ্টু মিঞা নামে এক সিপিএম কর্মী নিখোঁজ ছিলেন বিকেল থেকে। রবিবার সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় স্থানীয় খুটামারি নদীর ধারে। পরিবারের অভিযোগ, মণ্টু গরু কেনাবেচার সঙ্গে যুক্ত বলে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন গোরক্ষকরা। খবর পেয়ে সেদিন সকালে মীনাক্ষী মুখোপাধ্যায় শীতলকুচিতে মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান। ফেরার পথে শীতলকুচি বাজারের সামনে ঘটনাটি ঘটে। গাড়ি দাঁড় করিয়ে হামলার ভিডিও রেকর্ড করেন মীনাক্ষী।
গাড়িতে বসে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মীনাক্ষীর অভিযোগ, “আগে এদের গ্রেপ্তার করা হোক। পুলিশ দাঁড়িয়ে দেখবে আর ওরা যা খুশি তাই করে যাবে? বলুন কোথায় আমার অপরাধটা? বাইরে বেরনো যাবে না?” তিনি লাগাতার দ্রুত গ্রেপ্তারির দাবি তোলেন এবং দরকার পড়লে নিজের রেকর্ড করা ভিডিওটি পুলিশের হাতে তুলে দেবেন প্রমাণ করার জন্য বলেও জানিয়েছেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেখান থেকে শহরের দিকে চলে যান। এবার এই ঘটনায় তিনি দ্বারস্থ হন কলকাতা উচ্চ আদালতের। এবার দেখার বিষয় যে মামলার শুনানিতে কি রায় বা নির্দেশ দেওয়া হয়।



By










