দেবজিৎ মুখার্জি, কলকাতা: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কেন্দ্র করে নয়া বিতর্ক। আদালতের নির্দেশ সত্ত্বেও বুধবার বিধাননগর আদালতে এসে উপস্থিত হলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর দুবার হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। বিষয়টিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।
বুধবার সকাল ১০টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বিধাননগর আদালতের তরফ থেকে। এর আগে ডায়মন্ড হারবার সাংসদ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তবে সেখানে তিনি ধাক্কা খান। বহাল রাখা হয় নিম্ন কোর্টের নির্দেশ। অর্থাৎ বুধবার নমুনা দেওয়ার কথা ছিল তাঁর আদালতে এসে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দুপুর হওয়া সত্ত্বেও তিনি আসেননি।
এদিন আদালতে ছিলেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং তদন্তকারী সিআইডির আধিকারিকরা। অভিযোগকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, এভাবে কোর্টের নির্দেশ লাগাতার অমান্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই আদালতের কাছে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানানো হয়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল। শুধু তাই নয়, আরও দেখার বিষয় যে ঘটনাকে ঘিরে আর চাপ বাড়ে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। কী হতে চলেছে এবার? এই সংক্রান্ত নানা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে।



By










