দেবজিৎ মুখার্জি, কলকাতা: বারুইপুর ধর্ষণকাণ্ড সহ নানা বিষয়ে প্রতিবাদ জানাতে বুধবার কলকাতার রাজপথে মিছিল করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, তৃণমূল সুপ্রিমো একা মর্নিং ওয়াকে যাবে যাক। শুধু তাই নয়, ঘটনায় যেভাবে পদক্ষেপ করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারও প্রশংসা করেছেন তিনি।
এদিন সকালে দিলীপ ঘোষ বলেন, “উনি মিছিল করবেন বলছেন, কিন্তু হাঁটবে কে? কেউ তো নেই ওনার সঙ্গে। একা মর্নিং ওয়াকে যাবে, যাক! কী আছে।” এরপরই বারুইপুর ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “এতদিন দোষীরা বাংলায় শাস্তি পায়নি, তাই অপরাধটা পরিণত হয়েছিল সামাজিক ব্যধিতে। কিন্তু ওসব আর চলবে না। ছাড়া হবে না কাউকে। যারা অন্যায় করেছে, শাস্তি পাবেই সকলে। এবার মানুষ শান্তিতে থাকবে বাংলায়।”
প্রসঙ্গত, কালীঘাট তৃণমূলের এই কর্মসূচির জন্য আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে শর্তসাপেক্ষ অনুমতি। কোর্ট নির্দেশ দিয়েছে, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে শেষ করতে হবে হাজরা মোড়ে। পাশাপাশি, এটাও জানিয়েছে যে একটি লেন খোলা রাখতে হবে সাধারণ মানুষের জন্য। আড়াইটে নাগাদ শুরু করে মিছিল শেষ করতে হবে সাড়ে চারটের মধ্যে এবং ১০০০ জনের বেশি থাকতে পারবেন না এই মিছিলে। এবার দেখার বিষয় যে এই কর্মসূচির মাধ্যমে ফের রাজ্যবাসীর মনে দাগ কাটতে সফল হয় কিনা কালীঘাট তৃণমূল। শুধু তাই নয়, তিনি বিশেষ কিছু ঘোষণা করেন কিনা এদিন, সেদিকেও নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের।



By










