দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনে পরাজিতরা উস্কানি দিয়ে অশান্তি লাগিয়েছেন বারুইপুরে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, মোট ২০০ জনকে অশান্তির ঘটনায় চিহ্নিত করা হয়েছে এবং সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। শুধু তাই নয়, তিনি আরো জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ এবং সেই ঘটনায় যুক্ত সকলকে শাস্তি দেওয়া হবে।
মঙ্গলবার বারুইপুরে এসে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে প্রাণ হারানো যুবকের পরিবারের সঙ্গেও তিনি দেখা করেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিছন দিক থেকে উসকানি দিয়েছে রাজনৈতিক লোক এবং চিহ্নিত করা হয়েছে তাঁদের। পুলিশের হাতে একাধিক কল রেকর্ডিং লেগেছে, যা তদন্ত করে দেখা হচ্ছে। সকল অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। যাঁরা অশান্তি করেছেন, রেললাইন উপড়েছেন, তাঁদেরকেও শাস্তি দেওয়া হবে। নির্দোষ যুবকের মৃত্যুর ঘটনাতেও যাঁরা যুক্ত, তাঁদেরকেও গ্রেফতার করা হবে। তিনি বলেন, “এমন ঘটনা যাতে না ঘটে, তার ব্যবস্থা করব।”
পাশাপাশি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রসঙ্গে ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এমনটা প্রমাণিত হলে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছেন নির্যাতিতার বাড়ির সামনে। শুভেন্দু অধিকারী জানান, তিনি ৭ দিনের মধ্যে ফের বারুইপুরে আসবেন এবং সকলেই দেখতে পাবেন এই ঘটনা সংক্রান্ত সরকারের সব কাজকর্ম।



By










