দেবজিৎ মুখার্জি, কলকাতা: শহরের রাজপথে মিছিল করার অনুমতি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ জুলাই তিনি পথে নেমে জানাতে পারবেন প্রতিবাদ। যদিও অনুমতি শর্তসাপেক্ষ। একাধিক শর্ত আরোপ করা হয়েছে কলকাতা হাই কোর্টের তরফ থেকে। কখন বা কোথা থেকে কোথায় পর্যন্ত হবে মিছিল, তা পরিষ্কার করে দিয়েছে আদালত। শুধু তাই নয়, কতজন নিয়ে মিছিল করা যাবে, তাও পরিষ্কার করে দিয়েছে কোর্ট।
আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে শেষ করতে হবে হাজরা মোড়ে। পাশাপাশি, আদালত এটাও জানিয়েছে যে একটি লেন খোলা রাখতে হবে সাধারণ মানুষের জন্য। আড়াইটে নাগাদ শুরু করে মিছিল শেষ করতে হবে সাড়ে চারটের মধ্যে এবং ১০০০ জনের বেশি থাকতে পারবেন না এই মিছিলে।
প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কালীঘাট তৃণমূলের নেতারাও পরিবারের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি, পথে নেমেও প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মোমবাতি মিছিল করেন হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সংলগ্ন এলাকায়।
যদিও এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন যখন তাঁর বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনায় সরব হয়ে গোটা কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতার দাবি, বারুইপুরে যাওয়া থেকে আটকানোর জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে নেত্রীকে। তবে গেরুয়া শিবিরের তরফ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়ে মিছিল করার অনুমতি পেয়েছেন তিনি। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে পথে নেমে প্রতিবাদ জানিয়ে ফের দাগ কাটতে সফল হন কিনা তৃণমূল সুপ্রিমো। ফের ঘুরে দাঁড়াতে পারে কিনা কালীঘাট তৃণমূল, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলে।



By










