দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ফের নতুন করে অভিযোগ হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ ঘিরে। পারুলিয়া কোস্টাল থানায় ডায়মন্ড হারবার সাংসদ সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে দায়ের হয়েছে এই নয়া অভিযোগ। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববি। শিবিরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের পাশাপাশি তিনি ওষুধের গুণমান নিয়েও প্রশ্ন তোলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ববির আরও অভিযোগ, গত ১০ জুন পুলিশের সামনে সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ উদ্ধার করেছিলেন বিজেপি কর্মী- সমর্থকরা। পুলিশের তরফ থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হলেও রুজু করা হয়নি মামলা।
বিজেপি নেতার আরও অভিযোগ, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ নিয়ে যে মোটা অংকের টাকার অনিয়ম হয়েছে, এই ওষুধ উদ্ধারের ঘটনাই তা প্রমাণ করছে। অভিযোগ, বেশিরভাগ ওষুধেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তিনি জানিয়েছেন, নিরপেক্ষ তদন্ত হলেই সবটা সামনে আসবে। প্রসঙ্গত, ‘সেবাশ্রয়’ নিয়ে বেনিয়মের অভিযোগে আগেই জোড়া এফআইআর দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় এবং আগামীদিনে এর থেকে কোনও বিস্ফোরক কিছু উঠে আসে কিনা, সেদিকেই এখন নজর গোটা রাজনৈতিক মহলের। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ যে দিন দিন বেড়েই চলেছে, তা না বললেও বেশ স্পষ্ট।



By










