দেবজিৎ মুখার্জি: রাম মন্দিরে টাকা চুরির ঘটনায় এবার হিন্দুত্বের প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। কী বললেন তিনি? তাঁর অভিযোগ, ক্ষমতাকে কাজে লাগিয়ে গেরুয়া শিবির হিন্দুদের সংবেশিত করেছে এবং তাঁদের লুট করা হচ্ছে। এখানেই শেষ নয়, মুম্বাইয়ের দাদরায় হনুমান মন্দিরে ‘রাম রক্ষা স্তোত্র’ ও ‘হনুমান চালিশা’ পাঠ করে ‘রাম রক্ষা আন্দোলন’এর ডাকও দেন বালাসাহেব পুত্র।
রবিবার গেরুয়া শিবিরকে নিশানা করে উদ্ধব বলেন, “কেউ যদি ভেবে থাকে যে মন্দির লুট করবে হিন্দুদের আবেগকে কাজে লাগিয়ে, তবে হিন্দুরা ছাড়বে না তাদের।” এরপর তিনি ডাক দেন, “সমস্ত হিন্দুদের বলছি জেগে উঠুন। রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে, যারা রামের নামে লুটপাট করছে।” এরপর বদ্রীনাথ, কেদারনাথ মন্দিরে চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কেদারনাথ-বদ্রীনাথ থেকে অযোধ্যা পর্যন্ত, এই সরকার লুট করেই চলেছে হিন্দুদের।”
রাম মন্দিরে সাড়ে ৪ কোটির সোনার রামচরিত মানস নিখোঁজ হওয়া প্রসঙ্গে টেনে উদ্ধব ঠাকরের প্রশ্ন, “এত সোনা কোথায় গেল? রাবণের সোনার লঙ্কায় রাম ভক্তরাই আগুন ধরিয়েছিল। এবার পুড়িয়ে দেওয়া হবে অন্যায়ের লঙ্কাও।” তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁর বক্তব্য, “একজন ডাকাতকে বলা যায় না তার নিজের লুটের তদন্ত করতে। নিরপেক্ষভাবে করা দরকার এই তদন্ত, নাহলে সকলে নির্দোষ প্রমাণিত হবে।” তাঁর সংযোজন, তিনি সুষ্ঠু তদন্ত না হওয়া অবধি বিশ্রাম নেবেন না। পাশাপাশি এই আন্দোলনকে প্রতিটি গ্রামে নিয়ে যাওয়ার আহ্বান জানান দলীয় কর্মীদের। তিনি দাবি করেন, হিন্দুদের জাগিয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, কিন্তু আজ তাদের সংবেশিত করা হচ্ছে।



By














