দেবজিৎ মুখার্জি, কলকাতা: নারী নিরাপত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি জানান, রাস্তায় মহিলাদের বিরক্ত করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল ‘দূর্গাসুরক্ষা স্কোয়াড’এর। এখানেই শেষ নয়, রাজ্যের প্রত্যেকটি থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক ও সাইবার হেল্পডেস্ক চালু হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সরকারের অন্যতম মূল অঙ্গীকার নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা। এবার দ্রুত সুরক্ষা ও সুবিচার নিশ্চিত করা হবে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই।” ২৪×৭ মহিলা হেল্পডেস্ক শুরু হয়েছে রাজ্যের প্রায় ৫০০ থানায়, যার দায়িত্বে থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশকর্মীরা। এর দ্বারা ব্যবস্থাও করা হবে গার্হস্থ্য হিংসা, নারী নির্যাতন, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় আইনি সহায়তারও। এর সঙ্গে অনলাইন প্রতারণা, সাইবার হেনস্তা ও ডিজিটাল অপরাধের অভিযোগের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে সমস্ত থানায় চালু হয়েছে সাইবার হেল্পডেস্ক।
এছাড়া নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুরু হয়েছে ‘দূর্গাসুরক্ষা স্কোয়াড’ও। মহিলা পুলিশকর্মীরা মোটরবাইক করে লাগাতার টহল দেবেন শহর ও জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। রাস্তাঘাটে কোনও নারীকে বিরক্ত বা হেনস্তা করা হলে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। প্রথম পর্যায়ে ১০টি অত্যাধুনিক বাইক ও ২০টি রিয়েল-টাইম অডিও-ভিডিও ট্রান্সমিশন ডিভাইস দেওয়া হয়েছে বসিরহাট, বনগাঁ এবং বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে, যার দ্বারা তথ্য পাঠানো সম্ভব হবে ঘটনাস্থল থেকে সরাসরি কন্ট্রোল রুমে। এবার দেখার বিষয় যে নারী নিরাপত্তার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তা পূরণ করতে তারা সফল হয় কিনা।



By










