দেবজিৎ মুখার্জি, কলকাতা: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর ডিম হামলা ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তথা বর্ষিয়ান সিপিএম নেতা, বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তৃণমূল সাংসদের পাশে দাঁড়ান। তিনি ঘটনাটিকে ‘লজ্জাজনক’ তকমা দেন এবং প্রতিবাদ করা উচিত বলে দাবি করেন।
বুধবার কালীগঞ্জে মহুয়া মৈত্র তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকালীন দলীয় কার্যালয়ের বাইরে জাতীয় সড়কে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হন হাতে কালো পতাকা নিয়ে এবং তাঁরা ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এরপর উগ্র হয়ে যায় পরিস্থিতি। পার্টি অফিসের জানালায় ছোঁড়া হয় ডিম, পাথর ও কাদা। তৃণমূল সাংসদের দাবি, তাঁর গায়ে একটি ডিম লেগেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর বক্তব্য, বিজেপির বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। অবশেষে সেই পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে আসেন।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ। তাঁর বিরুদ্ধে জুলুম বাজির কোনও অভিযোগ আছে বলে আমার জানা নেই। আজ যেভাবে তাঁকে হেনস্থা করা হল তা সভ্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার। এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিৎ।” সিপিএম নেতার এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। অনেকে অনেকরকম মত তুলে ধরেন। এবার দেখার বিষয় যে এই ডিম হামলার বিরুদ্ধে বিরোধী দলগুলি একজোট হয়ে ময়দানে নামতে পারে কিনা।



By










