দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় এসটিএফের তরফ থেকে পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে। তাঁর গ্রেফতারি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, নানা প্রশ্নও উঠতে শুরু করেছে এই মুহূর্ত। কী হতে চলেছে এবার বা এরপর কীসের সাক্ষী হতে চলেছে রাজ্য রাজনীতি, এই সংক্রান্ত নানা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে।
চলতি বছরে অষ্টাদশ বিধানসভা ভোটের আগে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী, তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক, অদিতি মুন্সির বিরুদ্ধে ওঠে বিস্ফোরক অভিযোগ। ভোটের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিজনদের নামে হস্তান্তরের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সম্পত্তির আসল তথ্যও নির্বাচনী হলফনামায় লুকোনোর অভিযোগ ওঠে। এছাড়া তদন্ত শুরু হয় তোলাবাজি, সিন্ডিকেট পরিচালনা ও জমি দখলের মতো নানা অভিযোগ নিয়েও।
গ্রেফতারির আশঙ্কা থেকে দুজনেই দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাই কোর্টের। কোর্ট ৪ মাসের শিশুসন্তানের কথা মাথায় রেখে আগাম জামিন দেয় অদিতি মুন্সিকে। তবে নিষেধাজ্ঞা জারি করা হয় তাঁর বিদেশযাত্রায়। পাশাপাশি তাঁর পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দেয়। এছাড়া নিষেধাজ্ঞা জারি করা হয় বাগুইআটি থানা এলাকায় ঢোকার ক্ষেত্রেও। তবে দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালত তাঁকে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ দেয় তদন্তের ব্যাপারে। সেই নির্দেশের পরই তিনি গ্রেফতার হন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।



By










