দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহরে ফেরার আগেই রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই চত্বরে। বলা ভালো, কিছুক্ষণের জন্য সেই চত্বরের পুরো পরিবেশটাই পাল্টে গিয়েছিল।
শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে বৈঠক শেষ করে শহরে ফেরার কথা ছিল ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেই উপলক্ষ্যে তৃণমূলের কর্মী-সমর্থকেরা আগে থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। একই সময়ে সেখানে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশও উপস্থিত ছিলেন। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে ডিম ছোড়ার পরিকল্পনা করা হয়েছিল তাঁকে লক্ষ্য করে। এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে তা পরিণত হয় হাতাহাতিতে। দ্রুত উগ্র হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনার ফলে কিছু সময়ের জন্য বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। যদিও পরে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। যদিও ডিম ছোড়ার অভিযোগ প্রসঙ্গে প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক তৃণমূল নেতা ডিম হামলার শিকার হয়েছেন। বাদ যাননি হেভিওয়েটরাও। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এর শিকার হয়েছেন। ঘটনার জল গড়িয়েছে আদালত অবধিও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন নজর রয়েছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলের।



By











