দেবজিৎ মুখার্জি: রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় এবার নিজের বক্তব্য তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার অযোধ্যার রুডৌলি বিধানসভা কেন্দ্রে এক সরকারি অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দেন যে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্য সামনে আসবে। শুধু তাই নয়, তিনি সকল রামভক্তকে ১৫ দিন ধৈর্য ধরতে এবং অপেক্ষা করতে বলেন।
তিনি বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। আমরা সিট গঠন করে তদন্ত করছি। অবশ্যই প্রকাশ্যে আসবে আসল সত্য। আমি সকল পক্ষকে বলব, এমন কোনও কথা বা টিপ্পনি করবেন না, যা আঘাত দেবে রামভক্তদের মনে। কারও কাছে যদি কোনও তথ্য থাকে, তাহলে সিটকে দিন। রামভক্তদের কাছে আমার অনুরোধ, আমাদের মর্যাদার শিক্ষা দিয়েছে প্রভু রাম। শেই শিক্ষায় আমরা প্রভু রামের জন্মস্থান নেওয়ার জন্য ৫০০ বছর সংঘর্ষ করেছি। ফলে অপেক্ষা করুন আরও ১৫ দিন। ধৈর্য ধরুন। চিন্তা করবেন না।”
প্রসঙ্গত, সম্প্রতি রাম মন্দিরের অনুদানের হিসেব নিয়ে প্রশ্ন তুলে মোটা অংকের টাকার গরমিলের অভিযোগ তোলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সমাজমাধ্যমে পোস্ট করে অখিলেশ যাদব দাবি করেন, এটি বেশ উদ্বেগজনক ও দুঃখজনক খবর বিশ্বের রাম ভক্তদের জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, হিসাব মিলছে না ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানের এবং কেউ পরিষ্কার করে কিছু বলতে চাইছেন না এই বিষয়ে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বিষয়টি শুধুমাত্র সীমিত নয় আর্থিক অনিয়মের প্রশ্নে, বরং রাম ভক্তদের বিশ্বাস ও আবেগের সাথে জড়িয়ে। আদালতের হস্তক্ষেপেরও দাবি জানান অখিলেশ।
প্রথমে ট্রাস্টের তরফ থেকে এই অভিযোগকে গুরুত্ব না দেওয়া হলেও পরে সন্দেহজনক ট্রানজ্যাকশনের হদিস মেলে। তাদের অনুরোধে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার গঠন করে সিট। ঘটনায় ইতিমধ্যে মন্দিরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিনয় কাটিহার ও ব্রিজভূষণ শরণ সিং। তাতে উত্তরপ্রদেশ সরকারের যে মুখ পুড়েছে, তা না বললেও চলে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। এবার দেখার বিষয় যে তদন্ত করে কী বেরিয়ে আসে। আগামীদিনে কোনও বিস্ফোরক তথ্য হাতে লাগে কিনা, সেদিকে নজর রয়েছে ইউপি সহ গোটা জাতীয় রাজনৈতিক মহলের।



By










