দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরও বড় ধাক্কা খেলো আদি তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দলের অন্যতম বর্ষিয়ান নেতা, তথা প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিম। এদিন কালীঘাটে ববি নিজের পদত্যাগপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ববির এই সিদ্ধান্তকে ঘিরে।
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে যায় তৃণমূল কংগ্রেস। এরপরই শুরু হয় দলের খারাপ সময়। এই আবহে পুর প্রশাসনে দিনদিন প্রাধান্য হারাচ্ছিলেন ফিরহাদ হাকিম। মেয়র পদে থাকা সত্বেও তাঁর বদলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলি পরিচালিত হচ্ছে কমিশনারের দ্বারা বলে তাঁর ক্ষোভ ছিল। অনেকদিন ধরেই তিনি দলীয় বৈঠকে মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে প্রথমদিকে তাতে রাজি হননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন শেষ পর্যন্ত গ্রহণ করা হয় তাঁর পদত্যাগপত্র।
উল্লেখযোগ্যভাবে, এদিন ইস্তফা দেওয়ার আগে ববি উপস্থিত ছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। এরপরই তাঁর এমন পদক্ষেপ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন যে এর নেপথ্যে বড়সড় কোনও কারণ থাকতে পারে। তবে দিনের শেষে এটা দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কী হতে চলেছে আগামীদিনে? কোনদিকে এগোচ্ছে দল? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলে। এবার দেখার আগে কি হয়।



By










